• দেশজুড়ে
  • রাজনৈতিক সৌন্দর্যের দৃষ্টান্ত: মিষ্টিমুখে সৌহার্দ্যের বার্তা মাগুরা–১ আসনে

রাজনৈতিক সৌন্দর্যের দৃষ্টান্ত: মিষ্টিমুখে সৌহার্দ্যের বার্তা মাগুরা–১ আসনে

দেশজুড়ে ১ মিনিট পড়া
রাজনৈতিক সৌন্দর্যের দৃষ্টান্ত: মিষ্টিমুখে সৌহার্দ্যের বার্তা মাগুরা–১ আসনে

মাগুরা প্রতিনিধি :

রাজনীতিতে সৌহার্দ্য, সহমর্মিতা ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মাগুরা–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মিষ্টিমুখের মধ্য দিয়ে তিনি ছড়িয়ে দিলেন ঐক্য ও সম্প্রীতির বার্তা। শনিবার রাতে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে উপস্থিত হন নবনির্বাচিত এই সংসদ সদস্য। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র জেলা নেতৃবৃন্দ। কার্যালয়ে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির ও মাগুরা–২ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী পরাজিত প্রার্থী অধ্যাপক এম বি বাকের এবং মাগুরা–১ আসনে পরাজিত প্রার্থী আব্দুল মতিন। সৌজন্য সাক্ষাৎকালে মনোয়ার হোসেন খান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মিষ্টিমুখ করান। অপরদিকে পরাজিত দুই প্রার্থী ফুল দিয়ে তাকে বরণ করে নেন। পুরো পরিবেশজুড়ে ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের উজ্জ্বল উপস্থিতি। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, “নির্বাচন প্রতিযোগিতার বিষয়, কিন্তু উন্নয়ন সবার। আগামী দিনে একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক মাগুরা গড়তে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবো।” পরাজিত প্রার্থীরাও তাকে অভিনন্দন জানিয়ে মাগুরার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। রাজনৈতিক ভিন্নমত থাকলেও পারস্পরিক সম্মান ও সৌজন্যের এই দৃশ্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা ছড়িয়েছে বলে মনে করছেন সচেতন মহল।