বিদেশ ভ্রমণ বা প্রবাস জীবন শেষে দেশে ফেরার সময় ব্যাগেজ রুলের আওতায় যাত্রীরা নির্দিষ্ট কিছু পণ্য শুল্ক দিয়ে সাথে আনতে পারেন। সরকার নিয়মিত বিরতিতে এই ব্যাগেজ রুলে পরিবর্তন আনে। বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী কোন পণ্যে কত শুল্ক দিতে হবে এবং কী কী পণ্য আনা যাবে, তার একটি বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো।
১. টেলিভিশন আমদানিতে শুল্কের হার ব্যাগেজ রুলের আওতায় ৩০ ইঞ্চি পর্যন্ত এলইডি, প্লাজমা বা এলসিডি টেলিভিশন সম্পূর্ণ বিনাশুল্কে আনা যায়। তবে এর চেয়ে বড় আকারের টেলিভিশনের ক্ষেত্রে পর্দার মাপ অনুযায়ী শুল্ক নির্ধারিত হয়:
- ৩০-৩৬ ইঞ্চি: ১০ হাজার টাকা
- ৩৭-৪২ ইঞ্চি: ২০ হাজার টাকা
- ৪৩-৪৬ ইঞ্চি: ৩০ হাজার টাকা
- ৪৭-৫২ ইঞ্চি: ৫০ হাজার টাকা
- ৫৩-৬৫ ইঞ্চি: ৭০ হাজার টাকা
- ৬৫ ইঞ্চির বেশি: ৯০ হাজার টাকা
২. মিউজিক সিস্টেম ও হোম থিয়েটার সর্বোচ্চ আটটি স্পিকারসহ মিউজিক সিস্টেম বা হোম থিয়েটার (সিডি, ভিসিডি, ডিভিডি বা ব্লু-রে ডিস্ক সেটসহ) আনা যাবে। এ ক্ষেত্রে ৮ হাজার টাকা শুল্ক-কর পরিশোধ করতে হবে।
৩. রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজার ব্যক্তিগত ব্যবহারের জন্য বিদেশ থেকে রেফ্রিজারেটর বা ডিপ ফ্রিজার আনতে চাইলে যাত্রীকে ৫ হাজার টাকা শুল্ক দিতে হবে।
৪. এয়ার কন্ডিশনার (এসি) ব্র্যান্ডের এয়ারকুলার বা এসি আমদানিতে ধরনভেদে শুল্ক ভিন্ন হয়:
- উইন্ডো টাইপ এসি: ৭ হাজার টাকা
- স্প্লিট টাইপ এসি (১৮০০০ বিটিইউ পর্যন্ত): ১৫ হাজার টাকা
- স্প্লিট টাইপ এসি (১৮০০০ বিটিইউ-এর বেশি): ২০ হাজার টাকা
৫. স্বর্ণ ও রৌপ্যবার আমদানি বছরে একবার সর্বোচ্চ ১১৭ গ্রাম (প্রায় ১০ ভরি) ওজনের একটি স্বর্ণবার আনা যাবে। প্রতি ভরিতে ৫ হাজার টাকা শুল্ক দিতে হবে। রৌপ্যবারের ক্ষেত্রে সর্বোচ্চ ২৩৪ গ্রাম পর্যন্ত আনা সম্ভব এবং প্রতি ভরিতে ৬ টাকা শুল্ক দিতে হবে।
৬. ক্যামেরা ও ঝাড়বাতি ডিএসএলআর, মিররলেস বা প্রফেশনাল ক্যামেরার জন্য ১৫ হাজার টাকা শুল্ক দিতে হবে। অন্যদিকে, ঘর সাজানোর ঝাড়বাতি আনলে প্রতি পয়েন্টের জন্য ৩০০ টাকা হারে কর দিতে হবে।
৭. ওয়াশিং মেশিন ও অন্যান্য গৃহস্থালির কাজের জন্য ওয়াশিং মেশিন, ডিশওয়াশার বা ক্লথ ড্রায়ার আমদানিতে ৩ হাজার টাকা কর দিতে হবে। এছাড়া ডিশ অ্যানটেনার জন্য ৭ হাজার টাকা শুল্ক নির্ধারিত।
৮. বিশেষ অনুমতিতে এয়ারগান যাত্রীরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিয়ে এয়ারগান আনতে পারেন। এ ক্ষেত্রে প্রতিটি এয়ারগানের জন্য ৫ হাজার টাকা শুল্ক পরিশোধ করতে হবে।