যুক্তরাষ্ট্রের রোড আইসল্যান্ডের পাওটাকেট শহরের একটি হাইস্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ২৮ মিনিটে একটি আইস হকি খেলা চলাকালীন এই সহিংসতার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পারিবারিক বিরোধের জেরে হামলা পাওটাকেট পুলিশ প্রধান টিনা গনকাল্ভস এক সংবাদ সম্মেলনে জানান, হামলাকারী গুলি চালানোর পর নিজেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের ভাষ্যমতে, এটি কোনো এলোপাতাড়ি হামলা ছিল না। বরং পারিবারিক বিরোধের জেরে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে এই গুলি চালানো হয়েছে। তবে নিহত বা সন্দেহভাজন হামলাকারীর পরিচয় এখনো বিস্তারিত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
আতঙ্কে মাঠ ছাড়েন দর্শকরা সংবাদমাধ্যম প্রভিডেন্স জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, একটি ভিডিও ফুটেজে প্রায় ছয় সেকেন্ডের মধ্যে ১৩টি গুলির শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর আরও একটি গুলির শব্দ পাওয়া যায়। গুলির শব্দ শোনা মাত্রই মাঠে থাকা শিক্ষার্থী ও দর্শকরা আতঙ্কিত হয়ে মেঝেতে শুয়ে পড়েন এবং পরে জীবন বাঁচাতে হুড়োহুড়ি করে বের হওয়ার পথ দিয়ে পালিয়ে যান।
মেয়রের শোক ও এফবিআইয়ের তদন্ত পাওটাকেটের মেয়র ডন গ্রেবিয়েন এক বিবৃতিতে এই ঘটনাকে অত্যন্ত 'বিষাদময়' বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যেখানে অনেক পরিবার ও শিক্ষার্থী আনন্দ করতে জড়ো হয়েছিল, সেখানে এমন সহিংসতা মেনে নেওয়া যায় না। তিনি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে হামলার গুরুত্ব বিবেচনা করে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই (FBI) তদন্তে যুক্ত হয়েছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, সংস্থার বোস্টন বিভাগের এজেন্টদের ইতোমধ্যে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তদন্তকারীরা হামলার পেছনের সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছেন।